আনুষ্ঠানিকভাবে প্রকাশিত সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’, উপস্থিত রাহুল-প্রিয়াঙ্কাসহ INDIA জোটের একাধিক শীর্ষ নেতা


নয়াদিল্লি, ১৭নভেম্বর: কংগ্রেসের প্রবীণ নেত্রী তথা কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো সোমবার নয়াদিল্লিতে। রাজধানীর আইটিসি মৌর্য হোটেলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ছেলে রাহুল গান্ধী, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী   এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে INDIA জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ এবং এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে। 

সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথায় ইতালিতে তাঁর শৈশব, ইংল্যান্ডে রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়, বিবাহের পর ভারতে আসা, গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক, ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা উঠে এসেছে। বইটিতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের মতো জীবনের বেদনাদায়ক অধ্যায়ও স্থান পেয়েছে। 

অনুষ্ঠানে বইয়ের নামের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সোনিয়া গান্ধী জানান, ‘Belonging’ বলতে আপন করে নেওয়া ও নিজের জায়গা খুঁজে পাওয়ার অনুভূতিকে বোঝায়। একসময় বিদেশি হিসেবে ভারতে এসে ধীরে ধীরে এই দেশকেই নিজের ঘর ও পরিচয়ের অংশ করে নেওয়ার অভিজ্ঞতা বইটির অন্যতম মূল বিষয়।

অন্যদিকে, বই প্রকাশের এই বিশেষ দিনে শৈশবে মায়ের স্নেহ, হাসি, উষ্ণতা, সহনশীলতা ও অসাধারণ ভালোবাসার স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, তাঁদের ভালোবাসা ও আন্তরিক উপস্থিতি এই মুহূর্তকে পরিবারের কাছে চিরস্মরণীয় করে তুলেছে।

প্রকাশক হার্পারকলিন্সের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বইটির প্রায় দুই লক্ষ কপি বিক্রি হয়েছে।

Comments

Popular posts from this blog

ঐতিহাসিক বাররি মসজিদ রায়ঃ জমিয়ত উলামার প্রেস রিলিজ

অনিশ্চয়তার পথেই হজ্ব ২০২০, স্বেচ্ছায় আবেদন প্রত্যহারের সুযোগ ভারতীয় হজ্ব কমিটির Hajj 2020, New Circular issued by Indian Hajj Committee

মাদ্রাসা ইন্টারমিডিয়েটে চমক বেসরকারি ইসলামিক প্রতিষ্ঠান আল হিলাল একাডেমির, মেধা তালিকায় পঞ্চম স্থান, রাজ্যসেরা বাংলায়